খাগড়াছড়িতে জিপগাড়িতে আগুন, জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা মালিক
![]()
জার্নাল প্রতিবেদ
খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে একটি পুরাতন জিপগাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি চালিয়েই পরিবারের জীবিকা নির্বাহ করতেন মালিক মোহাম্মদ শাহীন। তাঁর দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কে এইচ সিটি হসপিটালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের সামনে পার্কিং করে রাখা জিপগাড়িটিতে গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে আগুন দিয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে গাড়িটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি। গাড়িটি চালিয়েই পরিবারের ভরণপোষণ করতেন। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বনটি পুড়ে যাওয়ায় এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে, কে বা কারা কী কারণে গাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি পরিবারের একমাত্র জীবিকার অবলম্বন হারানো গাড়ির মালিকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।