মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জেএসএস (এম এন লারমা)’র র্যালি ও স্মরণসভা
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরির মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে সংগঠনটি। পরে সেখানে এমএন লারমার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও পর্যায়ক্রমে প্রয়াত নেতার প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহসাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতিশ চাকমা।

এ ছাড়া পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা, আদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি নব কুমার চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ে জুম্ম জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। জুম্ম জাতিকে অনিশ্চিত ও সংকটাপন্ন পরিস্থিতি থেকে একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন। পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমা নিজ সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের প্রেক্ষাপটে একদল সশস্ত্র প্রতিপক্ষের গুলিতে নিহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।