বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সেক্রেটারি দৌলতুল কবির

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সেক্রেটারি দৌলতুল কবির

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সেক্রেটারি দৌলতুল কবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. মুজিবুর রশিদ ভাইস চেয়ারম্যান এবং দৌলতুল কবির খান সিদ্দিকী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভায় ইউনিটের সার্বিক মানবিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। এ সংগঠনের আজীবন সদস্য এবং কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। নবনির্বাচিত কমিটির কার্যক্রম কেবল কার্যালয়কেন্দ্রিক রাখলে চলবে না; বরং বান্দরবান জেলার সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে সাধারণ মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সংগঠনের অতীত কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের স্মৃতিচারণ করে আব্দুল কুদ্দুস বলেন, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান কার্যালয়ের জমি নামমাত্র মূল্যে ব্যবস্থা করা এবং একতলা ভবন নির্মাণের সময় ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল তাঁর। সে সময় পাঁচ বছর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে জেলার সাতটি উপজেলায় ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে। আগের অ্যাডহক কমিটিগুলোর মেয়াদ সীমিত থাকলেও এবার নির্বাচিত কমিটি পূর্ণ তিন বছর কাজ করার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্য শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. মুজিবুর রশিদ ভাইস চেয়ারম্যান এবং দৌলতুল কবির খান সিদ্দিকী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা এবং সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গত ১৫ দিন ধরে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বর্তমান যুব প্রধান ও স্বেচ্ছাসেবকেরা নিরলস পরিশ্রম করেছেন। নির্বাচন ও সামগ্রিক আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তিনি প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার জানান, রেড ক্রিসেন্টের নির্বাচনে প্যানেল, কণ্ঠভোট ও ব্যালট—এই তিনটি পদ্ধতি প্রচলিত রয়েছে। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একটি করে এবং সদস্য পদে পাঁচটিসহ মোট একটি পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ে। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় প্যানেল পদ্ধতিতেই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় আগের দুটি অ্যাডহক কমিটির সিদ্ধান্তক্রমে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন উপলক্ষে বান্দরবানের তিনটি স্থানীয় পত্রিকায় তফসিল প্রকাশের পাশাপাশি ইউনিটের ১ হাজার ১৪৮ জন সদস্যের ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হয়। এর মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed