৪৩ বছর পর খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্যক্রম
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষণার ৪৩ বছর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো জেলা ট্রেজারি কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের ৬৪তম জেলা হিসেবে নিজস্ব ট্রেজারি কার্যক্রমের আওতায় এলো খাগড়াছড়ি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ট্রেজারি ভবন ও এর কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘদিন খাগড়াছড়িতে নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম না থাকায় সরকারি আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা গ্রহণে জেলার সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে রাঙামাটি কিংবা ফেনী যেতে হতো। এতে একদিকে যেমন অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো, অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে সেবাগ্রহীতাদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো।
তিনি বলেন, ট্রেজারিসংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালিত না হওয়ায় দীর্ঘদিন ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছিল। অবশেষে নতুন ট্রেজারি ভবন নির্মাণ ও কার্যক্রম চালুর মাধ্যমে সেই ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। এটি জেলার প্রশাসনিক ও সরকারি আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
মো. জিয়াউদ্দীন আরও বলেন, গত সাত মাস ধরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে জেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় নতুন দিগন্তের উন্মোচন হলো।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ট্রেজারি কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে জেলার সরকারি দপ্তরগুলোর ট্রেজারিসংশ্লিষ্ট কাজ স্থানীয়ভাবেই সম্পন্ন করা সম্ভব হবে। ফলে এসব সেবা গ্রহণের জন্য অন্য জেলায় যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং সরকারি দপ্তরগুলোর আর্থিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন ট্রেজারি কার্যক্রমের মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনা, সরকারি স্ট্যাম্প সরবরাহসহ অন্যান্য ট্রেজারিসংশ্লিষ্ট সেবা আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে সরকারি দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সেবাগ্রহীতারাও সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলার প্রশাসনিক অবকাঠামো ও জনসেবার পরিধি সম্প্রসারণে ট্রেজারি কার্যক্রম চালুর ঘটনাকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।