লংগদুতে সেনাবাহিনীর অর্থায়নে বরাদম বৌদ্ধ বিহারের সড়ক নির্মাণকাজের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্থানীয় জনগণের যাতায়াতের ভোগান্তি কমানো এবং আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রসারে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লংগদু উপজেলার ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত প্রস্তাবিত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন লংগদু জোন অধিনায়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিক, বরাদম বনবিহারের ভান্তে, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত-সংক্রান্ত ভোগান্তি লাঘবে লংগদু জোন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত এইচবিবি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের চলাচল আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে লংগদু কলেজ ও বরাদম বৌদ্ধ বিহারে যাতায়াতকারী শিক্ষার্থী, ধর্মীয় অনুশীলনকারী এবং স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রেও উন্নত যোগাযোগব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ কারণে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে লংগদু জোন।
ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিয়ে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লংগদু জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।