তালেবানের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ৭০ ব্যবসায়ী নিয়ে কাবুলে রুশ উপপ্রধানমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবহন, পণ্য সরবরাহ, কৃষি ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া। এ উদ্দেশ্যে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কাবুলে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়। সফরকালে ওভারচুক তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, অর্থনৈতিকবিষয়ক উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন।
আফগান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকে আবদুল গনি বারাদার রুশ প্রতিনিধিদলের কাছে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থান, বিপুল প্রাকৃতিক সম্পদ এবং ২ কোটি ৪০ লাখ কর্মক্ষম মানুষের কথা উল্লেখ করেন তিনি।
আফগানিস্তানের কৃষি, খনিজ সম্পদ, সড়ক ও রেলপথ নির্মাণ এবং কারখানা স্থাপনে রুশ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান বারাদার। পাশাপাশি দেশটিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। রাশিয়ায় আফগান কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন।
আফগান পণ্য রাশিয়ার বাজারে প্রবেশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া এবং পরিবহন ও পণ্য ট্রানজিটের ব্যয় কমাতে সহযোগিতার জন্য মস্কোর প্রতি আহ্বান জানান বারাদার।
রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ওভারচুক বলেছেন, প্রতিনিধিদলে এমন সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন, যারা ইতোমধ্যে আফগানিস্তানে ব্যবসা পরিচালনা করছেন। এ ছাড়া আরও অনেক রুশ কোম্পানি দেশটিতে কার্যক্রম শুরু করতে আগ্রহী।
তিনি জানান, প্রতিনিধিদলের কোম্পানিগুলো পরিবহন, পণ্য সরবরাহ, কৃষি ও ওষুধশিল্পের সঙ্গে যুক্ত। আফগান সরকার রাশিয়ার রাসায়নিক সারেও আগ্রহী। এমনকি আফগানিস্তানের মাটিতে সার উৎপাদনের কারখানা নির্মাণের বিষয়েও আগ্রহ দেখিয়েছে তারা।
ওভারচুকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৩৪ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়েছে।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ২০২৫ সালের জুলাইয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় রাশিয়া। এখন পর্যন্ত রাশিয়াই একমাত্র দেশ, যারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
অন্য কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবান কর্তৃপক্ষ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়েছে এবং কয়েকটি সরকারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।