মিয়ানমারে সামরিক বাজেট রেকর্ড ১০.৫৩ ট্রিলিয়ন কিয়াটে উন্নীতের পরিকল্পনা জান্তার
![]()
জার্নাল প্রতিবেদক
মিয়ানমারে জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ দারিদ্র্যের মধ্যে বসবাস করলেও ২০২৬-২৭ অর্থবছরে সামরিক খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে দেশটির জান্তা সরকার। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সামরিক খাতে মোট ব্যয় দাঁড়াতে পারে ১০.৫৩ ট্রিলিয়ন কিয়াট, যা মার্কিন মুদ্রায় প্রায় ৫.০১ বিলিয়ন ডলার।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠিত জাতিগত সশস্ত্র সংগঠনের পাশাপাশি নবগঠিত প্রতিরোধ বাহিনী, বিশেষ করে পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে জান্তা সরকার। এই সংঘাত পরিচালনায় রাষ্ট্রীয় বাজেটের বড় একটি অংশ সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।
গত বৃহস্পতিবার জান্তাপন্থী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ও তাদের মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকা দেশটির নামমাত্র সংসদ ইউনিয়ন পার্লামেন্টে (পিদাউংসু হ্লুত্তাও) সম্পূরক বাজেট বরাদ্দ বিল নিয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে সামরিক খাতের জন্য বরাদ্দ ৭.৯৫ ট্রিলিয়ন কিয়াটের সঙ্গে আরও ২.৫৮ ট্রিলিয়ন কিয়াট সম্পূরক বরাদ্দ যুক্ত করা হবে। এতে প্রতিরক্ষা খাতে মোট ব্যয় দাঁড়াবে ১০.৫৩ ট্রিলিয়ন কিয়াটে।
গত ৫ নভেম্বর সংসদে বক্তব্য দেওয়ার সময় ইরাবতী অঞ্চলের ১১ নম্বর নির্বাচনী এলাকার উচ্চকক্ষের আইনপ্রণেতা এবং যৌথ পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম উপসভাপতি চিট সুয়ে প্রস্তাবিত বাজেট অনুমোদনের আহ্বান জানান। এর মধ্যে রেকর্ড পরিমাণ সামরিক বাজেটও রয়েছে।
তিনি বলেন, বাজেট যাচাই-বাছাইয়ের জন্য কমিটির হাতে মাত্র আট দিন সময় ছিল। অথচ কিছু বরাদ্দের বিষয় সরেজমিনে পরিদর্শন করে যাচাই করা প্রয়োজন। এ জন্য অন্তত দুই সপ্তাহ সময় দরকার ছিল বলে তিনি উল্লেখ করেন।
চিট সুয়ের বক্তব্য অনুযায়ী, সম্পূরক বরাদ্দ অনুমোদিত হলে সরকারের বাজেট ঘাটতি ৮.৯৮ ট্রিলিয়ন কিয়াট থেকে বেড়ে ১১.৪১ ট্রিলিয়ন কিয়াটে দাঁড়াতে পারে।
সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে প্রতিরক্ষা খাতে ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সর্বশেষ বেসামরিক সরকারের আমলে ২০২০-২১ অর্থবছরে সামরিক খাতে বরাদ্দ ছিল মাত্র ৩.৪ ট্রিলিয়ন কিয়াট। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৫.৬ ট্রিলিয়ন কিয়াট ছাড়িয়ে যায়। পরবর্তী অর্থবছরগুলোর প্রতিরক্ষা ব্যয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা না হলেও বর্তমান বাজেটের প্রস্তাবিত অঙ্ক ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
অন্যদিকে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গত ৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের প্রায় ১ কোটি ৭৯ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। দেশটির মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ হয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, নয়তো দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।
সামরিক শাসনের পাঁচ বছর পার হলেও গৃহযুদ্ধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা ও জীবন-জীবিকা নিয়েও উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে সামরিক খাতে রেকর্ড বরাদ্দের প্রস্তাব জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। যদিও বাজেটটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে।
মিয়ানমার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের (এমডিএসআই) সঙ্গে যুক্ত সামরিক বাহিনী থেকে পালিয়ে আসা কর্মকর্তা নাউং ইয়ো বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ ও রাষ্ট্র গঠনের কাজে যে অর্থ ব্যয় করা প্রয়োজন, তা ব্যবহার করা হচ্ছে মানুষ হত্যার কাজে।
এমডিএসআইয়ের তথ্য অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর নির্বিচার হামলায় ব্যবহৃত গোলাবারুদ ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা উৎপাদনকারী প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর সামরিক বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় করছে।
নাউং ইয়ো বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।