বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন, চিকিৎসাসেবা পেয়েছেন ৫ হাজার ৮২৩ জন
![]()
জার্নাল প্রতিবেদক
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বান্দরবান ডায়াবেটিক সমিতি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সহসভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সমিতির আজীবন সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। রোগটি সম্পর্কে সচেতন হওয়া এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে এর জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বান্দরবান ডায়াবেটিক সমিতির তথ্যমতে, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ৮২৩ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া চক্ষু শিবিরের মাধ্যমে ৪৫০ জন রোগীকে চোখের ছানিসহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।