নানিয়ারচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। বাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়ে ঘর পুনর্নির্মাণে সহায়তার এ উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
রবিবার (১৫ নভেম্বর) নানিয়ারচর জোনের উদ্যোগে বুড়িঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন হরিণাথপাড়া এলাকার বাসিন্দা পল্টন চাকমার পরিবারের হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পল্টন চাকমার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আকস্মিক এ ঘটনায় পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বসবাসের একমাত্র আশ্রয় হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পেরে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এর অংশ হিসেবে বাড়ি পুনর্নির্মাণের জন্য পরিবারের হাতে ১৬ পিস ঢেউটিন সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।
দুর্যোগ ও সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ সহায়তা পরিবারটির ঘর পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্বত্য অঞ্চলে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের দুর্দিনে মানবিক সহায়তা প্রদানের এ ধরনের উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।