সাজেকে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া (কামাল চত্বর) এলাকায় অগ্নিকাণ্ডে রাত্রি মনি চাকমা (৬০) নামে এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এগিয়ে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাজেক টিওবি থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শিজকছড়া (কামাল চত্বর) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুন লাগার খবর পেয়ে সাজেক টিওবির অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে যায়।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মারিশ্যা বিজিবি ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীন সাজেক বিওপিতে অবস্থানরত ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে পথিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় দলটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত রাত্রি মনি চাকমা শিজকছড়া গ্রামের বাসিন্দা। আকস্মিক এ অগ্নিকাণ্ডে তাঁর বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।