সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক যোগাযোগব্যবস্থায় কোরের দক্ষতা ও কার্যকারিতা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে সামরিক প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

একই সঙ্গে একবিংশ শতাব্দীর সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সদস্যদের আধুনিক, বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনা কাজে লাগিয়ে ভবিষ্যতের সামরিক যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন সেনাবাহিনী প্রধান।

সম্মেলনের অংশ হিসেবে এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ঘুরে দেখেন। এসব প্রকল্পের মাধ্যমে সামরিক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়নে কোরের সদস্যদের উদ্ভাবনী প্রচেষ্টা ও সক্ষমতা তুলে ধরা হয়।

অন্যদিকে, সিগন্যালস কোরের ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। পরে তিনি সিগন্যালস কোরের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

বক্তব্যে সেনাপ্রধান সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে কোরের অবদান এবং বিভিন্ন সময়ে অর্জিত সাফল্যের ওপর আলোকপাত করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সেনাবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে কোরের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে অতীতের গৌরব ও ঐতিহ্য ধারণ করে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

এ ছাড়া সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনীর মধ্য দিয়ে একদিকে যেমন সিগন্যালস কোরের চলমান কার্যক্রম, প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, অন্যদিকে বর্তমান ও প্রাক্তন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐতিহ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *