টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ বাংলাদেশি উদ্ধার

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ বাংলাদেশি উদ্ধার

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ বাংলাদেশি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় মানব পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বিজিবি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। ধাওয়া খেয়ে একটি সন্দেহজনক নৌকাও সমুদ্রের দিকে ফিরে যায়।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে কৌশলগত অবস্থান নেয়।

পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তির উপস্থিতি দেখতে পায়। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকাকে ঘাটের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি ঘাটে না ভিড়ে পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। একই সঙ্গে সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), একই উপজেলার দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানব পাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

এদিকে, উদ্ধার হওয়া পাঁচজনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও আটকের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *