চকরিয়ায় ঘুমের মধ্যে আগুনে দগ্ধ দুই ভাই, একজনের মৃত্যু

চকরিয়ায় ঘুমের মধ্যে আগুনে দগ্ধ দুই ভাই, একজনের মৃত্যু

চকরিয়ায় ঘুমের মধ্যে আগুনে দগ্ধ দুই ভাই, একজনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় পাতিলে রাখা আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ দুই ভাইয়ের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ (১৬) একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৪) মারা যায়।

নিহত ওমর ফারুক ও আহত আবদুল্লাহ চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার বাসিন্দা মাওলানা ফজল করিমের ছেলে। ফজল করিম স্থানীয় একটি মসজিদের খতিব। স্বজনদের বরাতে জানা গেছে, আবদুল্লাহর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।

গত রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের বাড়ির সামনের বারান্দায় আগুন লাগে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা দুই ভাই দগ্ধ হয়।

দুই ভাইয়ের বাবা ফজল করিম জানান, রোববার রাতে ঘুমানোর আগে এক ছেলের পাঞ্জাবি ইস্ত্রি করার জন্য একটি পাতিলে আগুন রাখা হয়েছিল। অসাবধানতাবশত ওই আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তখন বাড়ির সামনের বারান্দায় ঘুমিয়ে ছিল দুই ছেলে। আগুন ছড়িয়ে পড়লে কিছু বুঝে ওঠার আগেই তারা দগ্ধ হয়।

তিনি বলেন, পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাড়ির সামনের বারান্দা পুড়ে যায়। পরে দগ্ধ দুই ভাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম নুরুল আমিন বলেন, দুই ভাইয়ের মধ্যে ছোট ওমর ফারুক সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বড় ভাই আবদুল্লাহর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও সংকটাপন্ন।

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, একই পরিবারের দুই ভাই অগ্নিদগ্ধ হওয়া এবং একজনের মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া হতাহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *