পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত, সেনাক্যাম্প পুনঃস্থাপন ও শান্তিচুক্তি বাতিলের দাবি পিসিএনপির
![]()
জার্নাল প্রতিবেদক
সাজেক ভ্যালী পর্যটকদের জন্য উন্মুক্ত করা, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তিচুক্তির সময় প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিএনপির চেয়ারম্যান আবদুল হামিদ রানা।
এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন মহাসচিব আলমগীর কবির। বক্তব্য রাখেন পিসিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনির ও পাইশিখই মারমা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় নেতা মো. শাহিন আলম ও মো. আসাদুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন মাহিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা, দীর্ঘদিনের অবরোধ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীর পর্যটনশিল্প মারাত্মক সংকটের মুখে পড়েছে। পর্যটকদের যাতায়াত ব্যাহত হওয়ায় সাজেকের শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি পর্যটনকেন্দ্রটির ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, অবরোধ ও চলাচলে বাধার কারণে শুধু পর্যটন খাত নয়, স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। পরিবহন চলাচল, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাজেক ভ্যালীতে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক করতে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পিসিএনপির নেতারা। তাঁরা বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিচুক্তির সময় প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে সাজেক ভ্যালী পর্যটকদের জন্য উন্মুক্ত করা, পর্যটনশিল্প ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষা, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।