আইসিজের রায়ে রোহিঙ্গাদের চোখে দেশে ফেরার স্বপ্ন
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘদিনের নির্যাতনের বিচার, হারানো স্বজনদের স্মৃতি আর মাতৃভূমিতে ফেরার আকাঙ্ক্ষা সব মিলিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে নতুন আশার আলো দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় রায় ঘোষণার পর বিভিন্ন ক্যাম্পে একত্র হয়ে বড় পর্দায় তা দেখেন তারা। রায়কে নিজেদের দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তবে তাদের প্রত্যাশা, শুধু বিচার নয়, এবার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরার পথও খুলবে।
রায় ঘোষণার পর উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের মধ্যে আনন্দ, আবেগ ও স্বস্তি দেখা যায়। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা তাঁদের নির্যাতনের ঘটনা এবার আরও জোরালো স্বীকৃতি পেয়েছে।
উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আবু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, স্বজনদের হত্যা করা হয়েছে। এত দিন পর আন্তর্জাতিক আদালতের এই রায়ে আমরা কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছি বলে মনে করছি। আমরা চাই, যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহি নিশ্চিত করা হোক।”
একই ক্যাম্পের বাসিন্দা হাজেরা বিবি বলেন, “আমরা আর শরণার্থী হিসেবে থাকতে চাই না। নিজের দেশে ফিরে যেতে চাই। তবে মিয়ানমারে আমাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার নিশ্চিত হলেই আমরা সম্মানের সঙ্গে দেশে ফিরতে পারব।”

তানজিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা রশিদ উল্লা বলেন, “মিয়ানমারে আমাদের অনেক স্বজন নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের কথা মনে পড়লে এখনো কষ্ট হয়। এই রায়ের মাধ্যমে বিশ্ব আমাদের কষ্টের কথা স্বীকার করেছে। আমরা চাই, এই বিচার যেন শেষ পর্যন্ত কার্যকর হয়।”
একই ক্যাম্পের তরুণ বাসিন্দা আবু হারেজ বলেন, “আমাদের অনেক শিশু এই ক্যাম্পেই জন্ম নিয়েছে। তারা নিজেদের মাতৃভূমি দেখেনি। তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আমরা চিন্তিত। আমরা চাই, তারা যেন একদিন নিজেদের দেশে নাগরিকের অধিকার নিয়ে বড় হতে পারে।”
১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আবদুল্লাহ ওরফে রাসেল বলেন, “এই রায়ে আমরা খুশি। কিন্তু শুধু রায় ঘোষণা করলেই হবে না। আমাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। মিয়ানমারে নাগরিকত্ব, বসতভিটা ও নিরাপত্তার নিশ্চয়তা না পেলে আমরা ফিরে যেতে পারব না।”
১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শামসুল আলম বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের আশ্রয় দিয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি, তারা যেন মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। আমরা আর শরণার্থী হিসেবে থাকতে চাই না, নিজের দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।”
তবে রোহিঙ্গাদের মধ্যে আনন্দের পাশাপাশি শঙ্কাও রয়েছে। তাদের মতে, আন্তর্জাতিক আদালতের রায় গুরুত্বপূর্ণ হলেও এর ফলে রাতারাতি প্রত্যাবাসন শুরু হওয়ার সম্ভাবনা নেই। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ ও আলোচনার পর প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। তাই এবার রায়ের বাস্তবায়ন এবং মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরির দাবি জানিয়েছেন তারা।

রাখাইনের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রোহিঙ্গারা। সেখানে মিয়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতা এবং বসতভিটা দখলের অভিযোগ তাদের প্রত্যাবাসনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।
এ ব্যাপারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর শীর্ষ নেতা ডা. জুবায়ের বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় আমাদের জন্য বড় অর্জন। তবে শুধু রায় ঘোষণার মধ্য দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। অতীতেও অনেক আন্তর্জাতিক উদ্যোগ ও আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যাবাসন নিশ্চিত হয়নি। তাই এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন, “রাখাইনে এখনো জান্তা বাহিনী ও আরাকান আর্মির তৎপরতা রয়েছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা ও বসতভিটার নিশ্চয়তা নেই। আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে আমাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি হবে। আমরা নিজ দেশে সম্মান ও মর্যাদার সঙ্গে ফিরে যেতে চাই।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।