টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও ম্যাগাজিন
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) দল উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।
গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছে বলে জানতে পারে অভিযানকারী দল।
তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) থেকে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল এবং অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সহায়তায় বস্তাটি তল্লাশি করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি কালো রঙের খালি ম্যাগাজিন। সাতটি গ্রেনেড পুরোনো স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে এবং ছয়টি এজিএল গ্রেনেড পুরোনো পলিথিনে রাখা ছিল। এমজি গুলির মধ্যে একটি বয়ামে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ২৬ রাউন্ড ছিল। এ ঘটনায় আলামত হিসেবে একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিস্ফোরক হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে জানমালের ক্ষতির আশঙ্কা বিবেচনায় ধ্বংস ও নিষ্ক্রিয় করার আবেদন করা হয়। পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ (নন জিআর), কক্সবাজারের আদেশ নং-০১/২০২৬ ও স্মারক নং-১১০৬(২)/২৬/১, ২১ নভেম্বর ২০২৬ অনুযায়ী ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জিএস শাখাকে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশনা ও ক্ষমতাপত্র দেওয়া হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ পদাতিক ডিভিশনের জিএস ব্রাঞ্চের বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।