খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি এ কার্যক্রমের অংশ হিসেবে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভলিবল ও নেট বিতরণ করা হয়। এসব উপকরণ শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের লেফটেন্যান্ট আজওয়াদ, সদর জোনের সেনা সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে জাতীয় পতাকার মতো উপকরণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে অনুপ্রেরণা জোগাবে।
সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে প্রয়োজনীয় উপকরণ পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের বিকাশে সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পার্বত্য অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।