সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান
![]()
জার্নাল প্রতিবেদক
উপমহাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান।
এই সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং আলোচনা দ্বিপাক্ষিক হতে পারে আবার বহুপাক্ষিক ফোরাম ব্যবহারের মাধ্যমেও হতে পারে। খবর জিওটিভির।
ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক।
ইউরেশিয়া অঞ্চলভিত্তিক আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন কাউন্সিলের (এসসিও) সম্মেলনে যোগ দিতে গত ২০ নভেম্বর ভারত সফরে গিয়েছিলেন মুসাদ্দিক মালিক।
২২ নভেম্বর সফর শেষ করে ইসলামাবাদ ফেরার আগে নয়াদিল্লিতে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় পাকিস্তানের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের একটি স্থায়ী সমাধান চায়, এমন কোনো আলোচনা নয় যা কেবল উসকানিই বাড়াবে। যখনই আলোচনা হবে, তা হবে তথ্য-প্রমাণের ভিত্তিতে—এবং এমন আলোচনা অবশ্যই হওয়া উচিত।
মন্ত্রী জানান, পাকিস্তান বারবার দ্বিপাক্ষিক আলোচনা অথবা কোনো বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রস্তাব দিয়ে আসছে।
উভয় দেশেরই উচিত তাদের কাছে থাকা তথ্য-প্রমাণ সামনে আনা এবং স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করা।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চলকেই ক্ষতিগ্রস্ত করেছে। পাকিস্তানে হাজার হাজার মানুষ চরমপন্থা ও সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এখনও হচ্ছে।
মুসাদ্দিক মালিক বলেন, সন্ত্রাসবাদের কারণে যদি কারো সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে, তবে তা আমাদেরই হয়েছে। আমাদের দেশে প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে।
পাকিস্তান তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে থাকা নেটওয়ার্কগুলোকে খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এই হুমকি পুরোপুরি নির্মূল করতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।