সশস্ত্র বাহিনী দিবসে কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে সংবর্ধনা দিল বিমান বাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩৬ জনকে সম্মাননা জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং স্বাগত বক্তব্য দেন তিনি।

বক্তব্যের শুরুতে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
তিনি আরও জানান, বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে কিছু প্রকল্প ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তাঁদের যথাযথ সম্মান জানানো রাষ্ট্রীয় দায়িত্বের অংশ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।