বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ, সহায়তা পেলেন ১৫ জন
![]()
জার্নাল প্রতিবেদক
স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
২৪ ও ২৫ নভেম্বর বিলাইছড়ি উপজেলায় আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় ১৫ জন পুরুষ অংশ নেন। তাঁদের মধ্যে চারজন বাঙ্গালি এবং ১১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ছিলেন। প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের পদ্ধতি, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং এ খাতকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বিলাইছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী।

এ সময় ১৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে এগিয়ে নিতে দুজন প্রশিক্ষণার্থীকে একটি করে ছাগল দেওয়া হয়। ছাগলপ্রাপ্তদের মধ্যে একজন বাঙ্গালি এবং অন্যজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। এ ছাড়া উপকারভোগীদের বিনামূল্যে পশুচিকিৎসাসংক্রান্ত ওষুধও বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পশুপালনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পশু-পাখি সরবরাহের মাধ্যমে আগ্রহীদের নিজস্ব উদ্যোগে খামার গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে। এ উদ্যোগের জন্য উপকারভোগীরা বিলাইছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকীর নেতৃত্বে ভবিষ্যতেও স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের জনসম্পৃক্ততামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।