রামগড়ে অসহায় পরিবারকে ঘর নির্মাণের ঢেউটিন, মন্দির-বিহার ও শিক্ষার্থীদের সহায়তা বিজিবির
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় জোনের (৪৩ বিজিবি) উদ্যোগে দরিদ্র ও অসহায় পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের এসব সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামগড় জোন সদরে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম উপস্থিত থেকে এসব সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন।
সহায়তা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা, উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া অসচ্ছল ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়েছে।

বিজিবি জানায়, রামগড় জোন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।