লংগদু জোনের উদ্যোগে পশু-পাখি পালনে দক্ষতা অর্জনের পর সহায়তা পেলেন ১৫ জন
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ের প্রত্যন্ত জনপদে পরিবারের আয় বাড়ানো ও বিকল্প জীবিকার সুযোগ তৈরিতে পশু-পাখি পালনকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে তুলতে রাঙামাটির লংগদুতে স্থানীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উদ্যোগের আওতায় প্রশিক্ষণ শেষে ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদসহ ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে।
লংগদু জোনের উদ্যোগে গত ২৩ ও ২৪ নভেম্বর প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে গবাদি পশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ১৫ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২ জন বাঙ্গালি ও ১৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। প্রশিক্ষণে পশু-পাখির সঠিক পরিচর্যা, পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তিতে রোববার (২৯ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস।
একই সঙ্গে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ পরিবারে আয়বর্ধক কর্মকাণ্ড শুরু ও সম্প্রসারণের সুযোগ করে দিতে অংশগ্রহণকারীদের মাঝে ৩টি ছাগল এবং ২৪টি মুরগি বিতরণ করা হয়।

শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণ শেষে বাস্তব কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহের এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবিকায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। পশু-পাখি পালন থেকে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক অগ্রগতিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক, জনকল্যাণমূলক ও উন্নয়ন উদ্যোগ পরিচালনা করে আসছে। লংগদু জোনের এ কর্মসূচিও স্থানীয় পর্যায়ে দক্ষতা বিকাশ, জীবিকার সুযোগ সম্প্রসারণ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।