সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: মাধবী মার্মা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি সেবা প্রদানে জনগণের কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। সরকারি কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে উঠে জনসেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সুবিধার্থে প্রয়োজনে ২৪ ঘণ্টা অফিসের দরজা খোলা রাখতে হবে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় আলীকদম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলী।
মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা প্রদান, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, “আমরা সবাই পাবলিক সার্ভেন্ট বা জনসেবক। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।” জনগণের সুবিধা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও দপ্তর প্রধানদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য। বিশেষ করে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সরকারের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন।
পার্বত্য অঞ্চলের পরিবেশ বিপর্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাধবী মার্মা। তিনি বলেন, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যা উদ্বেগজনক। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নে সরকারের ঘোষিত উদ্যোগ বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনস্বার্থে দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।