চাঁদার দাবিতে টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করল জেএসএস, নেটওয়ার্কের বাইরে লংগদুর ৭ ইউনিয়নের মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের ৯০ হাজারের বেশি মানুষ সম্প্রতি মোবাইল ফোনের নেটওয়ার্ক ভোগান্তিতে পড়েছেন, ব্যহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আর এর নেপথ্যে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা)-এর অবৈধ চাঁদাবাজি। চাঁদার দাবিকে টাওয়ারে তান্ডব চালিয়ে ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর গত ২৪ নভেম্বর রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। একটি মাদার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এর আওতাধীন ২২টি টাওয়ারের যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে।
তবে, টাওয়ার কোম্পানীর কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে থেকেই লংগদুর বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেটের গতি ছিল ধীর। এর মধ্যে গত ২৪ নভেম্বর থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে স্বাভাবিক ফোনকল ও ইন্টারনেট ব্যবহারেও সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। ভোগান্তিতে মোবাইল ব্যাংকিং সেবাসহ সরকারী সেবা গ্রহীতারা।
নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোন অপারেটর রবি’র এক কর্মকর্তা জানান, ২৪ নভেম্বর রাতে বগাপাড়া এলাকায় তাঁদের একটি মাদার টাওয়ারের সব’কটি ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাঁর অভিযোগ, এ ঘটনার সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি-জেএসএস সংস্কারপন্থী অংশের সদস্যরা জড়িত।
ওই কর্মকর্তা আরও বলেন, পরদিন টাওয়ার মেরামতের জন্য প্রকৌশলীরা সেখানে গেলে তাঁদের কাজ না করার হুমকি দেওয়া হয়। এমনকি তুলে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেসময় নিরাপত্তা শঙ্কার কারণে প্রকৌশলীরা কাজ না করেই ফিরে আসেন। প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে, সহযোগিতা পেলে কয়েক দিনের মধ্যে নেটওয়ার্ক সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস (এমএন লারমা)’র দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক সমির চাকমা। তিনি বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটানো হয়নি। কে বা কারা করেছে, তা আমাদের জানা নেই।
এদিকে, নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী-শিক্ষক, রোগী ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ডিসেম্বর মাস সামনে রেখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা, ফলাফল প্রস্তুত, অনলাইন কার্যক্রম ও দাপ্তরিক কাজের চাপ বেড়েছে। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকায় অনেক কাজ সময়মতো শেষ করা যাচ্ছে না। জরুরি চিকিৎসাসেবা ও স্বজনদের সঙ্গে যোগাযোগেও সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাইলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, নেটওয়ার্ক সমস্যার বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ধীরগতির ইন্টারনেটের সমস্যায় থাকা লংগদুর বাসিন্দারা দ্রুত নেটওয়ার্ক সচল করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে টাওয়ার মেরামতকাজে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।