খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং দীঘিনালা জোনের তত্ত্বাবধানে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে এ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প ঘুরে দেখা যায়, প্রবেশ পথে প্রথমে ডিজইনফেকশন কেন্দ্র। সেখানে গিয়ে ডিজ ইনফেকশন কেন্দ্র অতিক্রম করে সাবান দিয়ে হাত ধুয়ে রোগী দেখার টোকেন নিচ্ছেন। টোকেন নিয়ে চিকিৎসকের নিকট যান। পরে সেখানে চিকিৎসা নেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ওষুধ নিয়ে বের হয়ে যাচ্ছেন চিকিৎসা নিতে আসা লোকজন। মেডিকেল ক্যাম্পে দুটি প্রবেশপথে দুটি ডিজ ইনফেকশন কেন্দ্র, দুটি হাত ধৌত করার কেন্দ্র এবং দুটি টোকেন বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়। এতে চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক ডাঃ মেজর রাশা রহমান, ডাঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের চিকিৎসক ডাঃ ক্যাপ্টেন আহসান হাবীব নোমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ আনিসুর রহমান।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, চমৎকার পরিবেশে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। অনেক দূর্গম এলাকার পাহাড়ী লোকজন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে। দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, করোনাকালীন সময়ে সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। এখানে করোনা প্রতিরোধে ডিজ ইনফেকশন করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের বিষয়গুলি দূর্গম এলাকার লোকজন দেখেনি। তারা একদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে, অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ধারণা পেয়েছে।

মেডিকেল ক্যাম্প এর নিরাপত্তা এবং সমন্বয়ক অফিসার, দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫০জন এবং বাঙালি ৩৭০ জন সর্বমোট ১০২০জন গরীব দুঃস্থ অসহায় লোকজনের মাঝে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

You may have missed