দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর - Southeast Asia Journal

দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাগরিকদের দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্ধের মতো বিদেশে ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয়। সেজন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার পরামর্শ দেন। আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, অনেকেই মনে করে বিদেশে গেলেই বুঝি অনেক অর্থ উপার্জন করা যায়। এমন প্রলোভনে পড়বেন না, দালালদের খপ্পরে পড়বেন না। কারো প্ররোচনায় বিদেশে গিয়ে নিজের ও পরিবারের ক্ষতির কারণ হবেন না। দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দক্ষ কর্মী লাগবে। কারও কাজের অভাব হবে না। দেশে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। দয়া করে সোনার হরিণ ধরতে ছুটবেন না।

করোনাকালে দেশে আসা প্রবাসীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের কল‌্যাণে বর্তমান সরকার কাজ করছে। দেশেও কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফিরে আসা প্রবাসীদেরও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শেখ হাসিনা আরও বলেন, প্রবাসীদের হয়রানি রোধে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নজরদারি রাখছে। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান ও নারী শ্রমিকদের নিরাপত্তা ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকারপ্রধান।

You may have missed