বঙ্গোপসাগর থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী - Southeast Asia Journal

বঙ্গোপসাগর থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চারটি মাছ ধরার নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। গত বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলার সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার অদূরে সীতাপাহাড় নামক বঙ্গোপসাগর এলাকায় থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় মাছ ধরার জাল কেড়ে নেওয়ার পাশাপাশি জেলেদের মারধর করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও অপহৃত জেলের স্বজনদের। অপহৃত জেলেরা সকলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, ‘বুধবার দুপুরে দিকে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন ৪টি নৌকায় ২০ জন জেলেসহ নৌকাগুলোকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যান মিয়ানমারের নৌবাহিনী। নৌকাসহ জেলেদের ধরে নেওয়ার বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নৌকার মালিকেরা জানিয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি বলেন, ‘মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা নৌকাসহ ধরার পর জেলেদের অনেক মারধর করা হয়েছে। তিনটি নৌকার জালগুলো কেড়ে নেয়া হয়েছে।’ তবে, বিষয়টি সম্পর্কে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী-বিজিবিসহ সংশ্লিষ্টরা অবহিত নন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘ওই অংশটি কোস্টগার্ড সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, কেউ এ পর্যন্ত এ ধরনের কোনও ঘটনা আমাদের অবহিত করেনি।’ এ ব্যাপারে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ওই এলাকাটি সেন্টমার্টিন কোস্টগার্ডের আওতাধীন।’

এর আগে, গতবছরের গত ১০ নভেম্বর নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগর থেকে ৯ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে গেলেও বিজিবি’র তৎপরতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।