খাগড়াছড়ির রামগড়-মাটিরাঙ্গা সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়-মাটিরাঙ্গা সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্থ ফসলি জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) বেলা ১১টার সময় নির্মাণাধীন রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়কের পিলাক ছড়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি’র অধিনায়ক ও প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার, রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মনিরুল হাসান ও ২০ ইসিবি’র প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ ইসিবি’র অধিনায়ক ও প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার স্থানীয়দের সহযোগীতা কামনা করে বলেন, সীমান্ত সড়ক হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নত হবে। শিক্ষা, যোগাযোগ , কৃষি বিপননে ব্যাপক পরিবর্তন হবেন এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠিরা।

এসময় ২৮ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিভিন্ন ফসলের ক্ষতি বাবদ ৩ লাখ ৬৫ হাজার ৫শ টাকা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্থরা বলছেন, ছোট-খাটো ধানক্ষেত বা হলুদ ক্ষেতের ক্ষতিপূরণ বাবদ দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কাছে ৫ থেকে সাড়ে সাত হাজার টাকা চাওয়া হলেও তারা সেখানে চাহিদার থেকেও অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা বেশী পেয়েছেন। সীমান্ত সড়কের মাঝখানে পড়ে যায় স্থানীয় বারিন ত্রিপুরার একটি ছোট ঘর, সেটি সরিয়ে নেয়া বাবদ তিনি সেনাবাহিনীর কাছে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ চাইলেও সেখানে মিলেছে ১৫ হাজার টাকা। অনেকটা বিস্মিত হয়ে তিনি জানালেন, তিনি এতে অত্যন্ত খুশি। সীমান্ত সড়কের কাজে তিনিসহ স্থানীয়রা সবসময় সবধরণের প্রয়োজনে ২০ ইসিবির পাশে থাকবেন বলেও জানান বারিন ত্রিপুরা।
মোহন ত্রিপুরা নামের ক্ষতিপূরণ পাওয়া আরেকজন জানান, অতীতে এ অঞ্চলের লোকজনের ঘরে গোলা ভরা ধান, পকেট ভরা টাকা থাকলেও শুধুমাত্র একটি সড়কের অভাবে এই এলাকা থেকে একজন রোগীকে বা গর্ভবতী কোন মাকে নেয়া যেতো না হাসপাতালে, যার ফলে অপূরণীয় ক্ষতিসহ অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্থ ছিলো এ অঞ্চলের পাহাড়ী জনগোষ্ঠী। তবে, সরকারের সীমান্ত সড়ক নির্মানকে কেন্দ্র করে যেন এক ধরণের উৎসবের আমেজ বইছে স্থানীয়দের মাঝে। সরকারের প্রতি অগাদ কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলছেন, একটি মাত্র সড়কের অভাবে যেন তারা এতদিন বন্দি ছিলেন বিচ্ছিন্ন কোন জনপদে, কিন্তু এবার তাদের মুক্তির পালা। আর তাই নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের লক্ষ্যে সীমান্ত সড়কের পূর্নাঙ্গ রুপ পেতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন ভূক্তভোগীরা।
উল্লেখ্য, রামগড় সদর থেকে মাটিরাঙ্গা উপজেলার করইল্যাছড়ি পর্যন্ত ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্মান করছে। গত ১১ সেপ্টেম্বর রামগড়ের পিলাকছড়া এলাকায় প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করেন ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।