জুম্ম জাতিগোষ্ঠিকে অস্বস্থিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে- সন্তু লারমা
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে জুম্ম জাতি গোষ্ঠির নিরাপদ জীবন ও সংস্কৃতি কৃষ্টি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও ২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি। নানাবিধ প্রতিকুল পরিবেশে পার্বত্য অঞ্চলের জুম্ম জাতিগোষ্ঠিকে অস্বস্থিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

তিনি রবিবার (১০ এপ্রিল) সকালে রাঙামাটিতে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসবে র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পাহাড়ের বসবাসরত ১৫টি জাতিগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে স্বাচ্ছন্দে জীবন ধারণ করতে চায়। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য তিনি জোর আহবান জানান।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যৈ পরিষদের যুগ্ন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য প্রমুখ।
পৌর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সুচনা করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে, চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়া, ক্ষুদ্র জাতিগোষ্ঠিসহ সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহনে পৌর প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালিটি শহরের প্রধান প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।