দিল্লিতে করোনার তীব্র সংক্রমণ, বাধ্যতামূলক হলো মাস্ক - Southeast Asia Journal

দিল্লিতে করোনার তীব্র সংক্রমণ, বাধ্যতামূলক হলো মাস্ক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে করোনার তীব্র সংক্রমণের কারণে আবারো মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে জরিমানার বিধানও করা হয়েছে। গতকাল বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

নতুন করে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। দিল্লিতে সোমবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৫০১। কিন্তু মঙ্গলবার তা এক লাফে বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৬৩২ জন নতুন করে করোনা আক্রান্ত হন। এরপর বুধবার দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতর (‌ডিডিএমএ)‌ মাস্ক পরা বাধ্যতামূলক করে দেয়। বিপর্যয় মোকাবিলা দফতর আরো বলেছে, মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।

টানা তিন দিনে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারির পর রোববারই ফের দিল্লিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছিল।

দিল্লিতে এ মুহূর্তে সংক্রমণের হার ৪.৪২ শতাংশ, যা অন্য রাজ্যের তুলনায় বেশি।

তবে নতুন করে তৈরি হওয়া এ উদ্বেগজনক পরিস্থিতিতেও স্কুল বন্ধ করতে নারাজ ডিডিএমএ। তারা আপাতত স্কুলগুলো খুলে রাখারই সিদ্ধান্ত নিয়েছে। তবে স্কুল খুলে রাখতে বিশেষজ্ঞদের সহায়তায় শিক্ষা দফতর একটি সাধারণ কার্যপ্রণালী তৈরি করবে বলেও ডিডিএমএ জানিয়েছে।