খাগড়াছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ ১৫ ভারতীয় গরু জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ ১৫ ভারতীয় গরু জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়সহ অধিনস্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মাদক পাচারসহ বিভিন্ন চোরাচালান ও সাধারণ মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় এবার ভারতীয় সীমান্তের পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বাংলাদেশে নিয়ে আসা ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনীর এই ব্যাটালিয়নের সদস্যরা।

সূত্র জানায়, আজ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কর্তৃক চট্টগ্রামের ভূজপূর থানার অন্তর্গত বাগানবাজার বিওপির ফেনী নদীরকুল (রুহুল আমিনচর) নামক স্থান হতে মালিকবিহীন ১০ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪লক্ষ ১৪ হাজার টাকা।

এদিকে, প্রায় একই সময়ে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার আল-মামুন সিকদার এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত মহামুনি বিওপির ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন ২ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১  লক্ষ টাকা।

এছাড়া, গত ৪ আগষ্ট (বৃহস্পতিবার) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত রামগড় বিওপির বল্টুরামপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত সর্বমোট ১৫টি গরু প্রয়োজনীয় কার্যক্রম শেষে সীতাকুন্ড কাস্টমসে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।