মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবাসহ গ্রেফতার ২
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচায়ারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন, সেন্টমার্টিন বাজার পাড়ার মৃত কালা মিয়ার ছেলে হোসেন আহমেদ (৫৭) ও পূর্ব পাড়ার মৃত মকবুল আহমেদের ছেলে মো: শফি (৩৮)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকা হতে এসব মাদকসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এস এম তাহসিন রহমান।
তিনি জানান, মিয়ানমার হতে টেকনাফ সমুদ্রেপথে ইয়াবার চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার-টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় মিয়ানমার হতে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট বাংলাদেশ অভিমূখে আসতে দেখে থামার সংকেত কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টেরপেয়ে বোটটি মিয়ানমারের দিকে পালানোর সময় বোটে থাকা দুই ব্যক্তি একটি বস্তাসহ পানিতে পড়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা একটি বস্তাসহ তাদের আটক করে এবং বস্তা থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।