টেকনাফে অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক- ১
![]()
নিউজ ডেস্ক
টেকনাফে পৃথক ৩টি অভিযান চালিয়ে ১ কেজি ২৫৮ গ্রান ক্রিস্টাল মেথ আইস, ২১ হাজার ৯১০ পিস ইয়াবা ,বার্মিজ ১৫০ বোতল মদ, ৩৫০ ক্যান বিয়ার এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এসময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের খারাংখালী/ঝিমংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। উক্ত তথ্য প্রাপ্তির সাথে সাথে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অধীনস্থ বিওপিদ্বয়ের চোরাচালান প্রতিরোধ টহলদলকে অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৫ হতে আনুমানিক ১০০ গজ উত্তরে সাড়ে চার মাইল নামক এলাকায় অবস্থানরত টহলদল দুইজন ব্যক্তিকে মায়ানমার থেকে একটি কাঠের নৌকাযোগে শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর তীরে নামতে দেখেন। উক্ত নৌকাটি দেখা মাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা নৌকা থেকে লাফিয়ে দ্রুত সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে নাফ ফোয়ারা দ্বীপের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া একটি কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়। টহলদল জব্দকৃত নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ১ কেজি ২৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় কাঠের নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিনে বগলজোড়া নামক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। টহলদল ৫-৬ জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কয়েকটি বস্তা কাঁধে নিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।
টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া ৮টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ১৫০ বোতল বার্মিজ মদ এবং ৩৫০ ক্যান বার্মিজ বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত স্থানে অন্য কোন বেসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি।
এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।