পানছড়িতে একই টেলিটক টাওয়ারে চার দফা চুরি, এবার খোয়া গেল ক্যাবল ও জেনারেটরের কয়েল
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টেলিটক মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা টাওয়ারটির ক্যাবল ও জেনারেটরের কয়েল চুরি করে নিয়ে গেছে। সর্বশেষ এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উদ্বেগের বিষয় হলো, চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত একই টাওয়ারে চারবার চুরির ঘটনা ঘটেছে। আগের তিন দফায় প্রায় আট লাখ টাকার মালামাল চুরি হয়েছিল। সব মিলিয়ে সাত মাসে টাওয়ারটি থেকে প্রায় ১০ লাখ টাকার সরঞ্জাম খোয়া গেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় গত ১৪ জুলাই ও ২৮ অক্টোবর পানছড়ি থানায় পৃথক দুটি অভিযোগও করা হয়েছিল। তবে অভিযোগের পরও কার্যকর প্রতিকার না পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পানছড়ি উপজেলায় টেলিটকের মোট সাতটি নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। এর মধ্যে শুধু পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টাওয়ারটিতেই বারবার চুরির ঘটনা ঘটছে। এতে একদিকে নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
টেলিটকের টেকনিশিয়ান আবুল কাসেম জানান, বুধবার রাত আড়াইটার দিকে টাওয়ারে ‘সাইট ডাউন’ দেখায়। বিষয়টি বুঝতে পেরে সকালে সেখানে গিয়ে তিনি দেখতে পান, টাওয়ারের ক্যাবল নেই এবং জেনারেটর কক্ষের তালা ভাঙা। পরে সরঞ্জাম চুরির বিষয়টি নিশ্চিত হন।

টেলিটকের খাগড়াছড়ি জেলা প্রকৌশলী মো. ফারুক বলেন, এর আগে দুই দফায় পানছড়ি থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ চুরির ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্যামলী চাকমা বলেন, সকালে কলেজে এসে তিনি চুরির বিষয়টি জানতে পেরেছেন। আগের ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য জানান, আগের অভিযোগ পাওয়ার পর থেকেই এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই টাওয়ারে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, শুধু অভিযোগ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না থেকে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি টেলিটকের নেটওয়ার্ক সেবা সচল রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে টাওয়ারটির নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।