থানচিতে অপহৃত সাবেক সেনা সদস্যের মুক্তির দাবিতে পিসিএনপি’র মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলায় সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেনকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) থানচি উপজেলা।
শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা সদরের থানচি বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
প্রধান বক্তার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিসিএনপি’র বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি বান্দরবান জেলার সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল রানা, ছাত্র পরিষদের বান্দরবান জেলার সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন সোহান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অপহরণ, গুম খুনের রাজ্যে পরিণত হয়েছে এখানে পাহাড়ি-বাঙালি কেউ ভালো নেই, সাধারণ পাহাড়ীরা ভয়ে-আতঙ্কে জীবন অতিবাহিত করছে। কাজেই এই অঞ্চলে সন্ত্রাসীদে বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা খুবই জরুরি হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে অপহরনকৃত সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অন্যথায় পিসিএনপি পার্বত্যবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।