প্রত্যাগত শান্তিবাহিনী সদস্যদের মাঝে খাগড়াছড়ি রিজিয়নের নগদ অর্থ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ এবং বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য চুক্তিকালীন সময়ে অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রত্যাগত ৯২ জন শান্তি বাহিনীর সদস্যদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ এ অর্থ তুলে দেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী সাধারন মানুষের যেকোন বিপদে আপদে পাশে ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের পরম বন্ধু। তিনি সংঘাতে না জড়ানোরর আহবান জানিয়ে বলেন, আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে। আমরা সহায়তা করবো। তিনি, সংঘাত পরিত্যাগ করে শান্তির জন্য সংলাপ ও অস্ত্র সমর্পনকে সাহসী ও সমপোযোগী সিদ্ধান্ত বলে অবহিত করেন।
এ সময় সামরকি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের খাগড়াছড়ি ডেট কমান্ডার লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, সদর জোন অধিনায়ক লে: কর্ণেল মো. আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ
অফিসার মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।