মুম্বাইয়ে তাইওয়ানের কন্স্যুলেট, ভারতকে হুঁশিয়ার করলো চীন
![]()
নিউজ ডেস্ক
মুম্বাইয়ে কন্স্যুলেট অফিস খুলেছে তাইওয়ান। ফলে ভারতকে তাইওয়ান ইস্যু সতর্কতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে তারা চীন-ভারত সম্পর্ক উন্নয়নে হস্তক্ষেপ এড়ানোর আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস মাও নিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে যেকোনো দেশের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন। কিন্তু ১৬ই অক্টোবর ভারতে নিজেদের তৃতীয় কন্স্যুলেট অফিস খুলেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি রিপোর্ট করেছে যে, এ ছাড়া নয়া দিল্লি ও চেন্নাইয়ে আছে তাদের দুটি অফিস।
এমনিতেই হিমালয়ের পাদদেশে ভারত ও চীনের মধ্যে সংঘাতময় অবস্থা। তা নিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরমে পৌঁছে। তারপর তা প্রশমনের জন্য দুই দেশই চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা করছে সমস্যার সমাধান করতে। তারই মধ্যে তাইওয়ান ভারতে নতুন কন্স্যুলেট খুলে বসেছে। এতে ক্ষিপ্ত হয়েছে চীন। তারা তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড বলে দাবি করে। তবে তাইওয়ান গণতান্ত্রিকভাবে শাসিত একটি দ্বীপরাষ্ট্র। তারা নিজেরা স্বাধীন ও সার্বভৌম দাবি করে।
কিন্তু তাদেরকে মূল চীন ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে চীন। এ সপ্তাহের শুরুর দিকে তারা এই দ্বীপরাষ্ট্রের চারদিকে যুদ্ধ গেম মঞ্চায়ন করেছে। মিস মাও নিং বলেছেন, এক চীন নীতিতে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় পক্ষ। চীন ও ভারতের সম্পর্কের ভিত্তি হলো এই নীতি। প্রতিশ্রুতিকে কঠোরভাবে মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন। তাইওয়ান সংশ্লিষ্ট বিষয় বিচক্ষণতা ও যথাযথভাবে মোকাবিলা করার আহ্বান জানায় চীন। তাইওয়ানের সঙ্গে যেকোনো রকম সরকারি বিনিময় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।