আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি জাফর আলম (৪৫), প্রকাশ বাইট্টা জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাফর আলম আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুক্তার সর্দার পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সংশ্লিষ্ট ঘটনায় একাধিক মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর আলম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন সময় স্থানীয় মানুষের ফলবাগান থেকে ফল, মুরগি, গরু ও ছাগল চুরি করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি করে আসছিল সে। সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাতে একটি বাগান থেকে কলার ছড়ি চুরির সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে।

স্থানীয়রা জানান, পুলিশে খবর দেওয়ার উদ্দেশ্যে জাফর আলমকে জানালী পাড়ায় আটক করে রাখা হয়। তবে পুলিশের কাছে খবর পৌঁছানোর আগেই জাফরের সহযোগী ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী সেখানে এসে পাড়াবাসীর সঙ্গে সংঘাতে জড়ায়। একপর্যায়ে তারা ম্রো সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জাফর আলমকে ছিনিয়ে নিয়ে যায়। ওই হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন তৎপরতা জোরদার করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed