কলকাতায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ খালেদ
![]()
নিউজ ডেস্ক
প্রায় দুই বছর পর কলকাতার বাংলাদেশ মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার নিযুক্ত হতে যাচ্ছেন। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ। বর্তমানে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, আগামী ১৫ জুলাইয়ের পর অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই যেকোনো সময়ে কলকাতায় এসে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন।
মোহাম্মদ খালেদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অভিজ্ঞ কূটনীতিক। ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা।
দীর্ঘ কূটনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ খালেদ। কুনমিংয়ে দায়িত্ব নেওয়ার আগে তিনি মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
শিক্ষাজীবনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। গ্রিসের ন্যাশনাল অ্যান্ড কাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অব এথেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৭৯ সালের ১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ খালেদ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার। চলতি বছরের জুন মাসে তার মেয়াদ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে যান। বর্তমানে প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
এর আগে ৫ আগস্টের পূর্ব পর্যন্ত কলকাতা মিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। শ্রীলঙ্কায় তার বদলির পর দীর্ঘদিন ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে চলছিল কলকাতার বাংলাদেশ মিশন। ফলে প্রায় দুই বছর পর এবার একজন পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পেতে যাচ্ছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।