কাউখালির দুর্গম জঙ্গলে ইউপিডিএফে সন্ত্রাসীদের ঘাঁটি উচ্ছেদ, সেনাবাহিনীর অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার দুর্গম ও গহীন পাহাড়ি জঙ্গল এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একটি গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরবেলায় কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র মতে, দীর্ঘদিন ধরে কাউখালির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ইউপিডিএফ-এর শীর্ষস্থানীয় সশস্ত্র সদস্যদের অবস্থান ও তৎপরতার বিষয়ে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দ্রুত গহীন জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি কার্যক্রম চালিয়ে ইউপিডিএফ-এর একটি সুসংগঠিত গোপন আস্তানার সন্ধান পায়। সেখানে সন্ত্রাসীদের ব্যবহৃত চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা শনাক্ত করা হয়।
সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এসব অবকাঠামো ধ্বংস করে দেয়, যাতে ভবিষ্যতে ওই স্থানটি আর সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করা না যায়।

অভিযান শেষে এলাকাটিতে ইউপিডিএফ-এর সশস্ত্র তৎপরতা সম্পূর্ণভাবে নির্মূল এবং পুনরায় সংগঠিত হওয়ার সম্ভাবনা রোধ করতে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই বেইস ক্যাম্প থেকে নিয়মিত টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের গোয়েন্দা-নির্ভর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ-এর সশস্ত্র তৎপরতা দমন এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ভেঙে দিতে সম্প্রতি সেনাবাহিনী ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।