মূল্য বৃদ্ধি সত্ত্বেও রাঙামাটিতে আগের দামে জ্বালানি বিক্রি, স্বস্তিতে ভোক্তারা
![]()
নিউজ ডেস্ক
সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও রাঙামাটিতে এখনও পুরোনো দামে তেল বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় ফিলিং স্টেশনগুলো পূর্বের মূল্যেই জ্বালানি সরবরাহ করায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
রবিবার সকালে নতুন দামে তেল বিক্রির উদ্যোগ নেওয়া হলে জেলা প্রশাসন ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে আলোচনা করে আপাতত পুরোনো দামে বিক্রি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়।
এরপর থেকেই আগের দামে জ্বালানি বিক্রি শুরু হয়।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে সপ্তাহে তিনদিন ডিজেল ও তিনদিন অকটেন বিক্রি করছে পাম্পগুলো। সেই হিসেবে রবিবার ডিজেল বিক্রি করা হচ্ছে।
সরকারি সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব না পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। তবে তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, জ্বালানি সংকট আগে থেকেই প্রকট, এর মধ্যে মূল্যবৃদ্ধি কৃষিকাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষকদের পাশাপাশি নৌযান চালকরাও শঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, রাঙামাটির যাতায়াত ব্যবস্থা অনেকাংশে নৌপথনির্ভর হওয়ায় তেলের দাম বাড়লে যাতায়াত ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
এদিকে মেসার্স এস এন পেট্রোলিয়াম এজেন্সি-এর ব্যবস্থাপক মো. ইদ্রিস জানান, মজুদ থাকা জ্বালানি আগের দামে বিক্রি করা হচ্ছে। তবে বাজারে কৃত্রিম সংকট এড়াতে ‘ফুয়েল কার্ড’ ছাড়া জ্বালানি দেওয়া হচ্ছে না। মজুদ শেষ হলে নতুন দরে বিক্রি শুরু হবে বলেও তিনি জানান।
দায়িত্বরত ট্যাগ অফিসার শান্তুনু খীসা বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বা অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখনো পুরোপুরি দৃশ্যমান না হলেও, ভবিষ্যতে এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।