নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার ৪১ বিজিবির
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর কনফারেন্স রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই জোনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, বাহিনীগুলোর সমন্বয় এবং শান্তিশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কাপ্তাই সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এ দায়িত্ব পালন করা হবে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বডি ক্যামেরা ব্যবহারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সকল ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা হবে বলেও জানান তিনি।
সমন্বয় সভায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক, ১০ আর ই ব্যাটালিয়নের প্রতিনিধি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মতামত দেন।
প্রসঙ্গত, পাহাড়ি ও গুরুত্বপূর্ণ কাপ্তাই অঞ্চলে নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এই সমন্বয় সভাকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।