উৎসবমুখর পরিবেশে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার মারিশ্যা জোনের আওতাধীন কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত বিদ্যালয়টির উদ্যোগে স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, রশি লম্ফ, লং জাম্প, বেলুন ফুটানো, গ্লাস খেলা, ব্যাটমিন্টন, স্মৃতি পরীক্ষা, পিরামিড তৈরি ও শিশুদের বিভিন্ন মজার খেলার আয়োজন করা হয়। পাশাপাশি অতিথি মহিলাদের জন্য বিশেষ ইভেন্টও অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খেলায় অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মারিশ্যা জোনের তত্ত্বাবধানে পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিয়মিত উদ্যোগ গ্রহণ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।