সেনাপ্রধানের সাথে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহ চেক প্রজাতন্ত্রের
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
সেনাসদর সূত্র জানায়, বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাব্য দিক বিশেষভাবে গুরুত্ব পায়। এ সময় মান্যবর রাষ্ট্রদূত সরকার-টু-সরকার (G2G) পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর (TOT), যৌথ উদ্যোগ (Joint Venture) এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও উন্নয়নমূলক কার্যক্রমে চেক প্রজাতন্ত্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সেনাপ্রধান দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
প্রসঙ্গত, কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে নিয়মিতভাবে উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উদ্যোগ অব্যাহত রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।