শাহজাহানপুরে সেনা অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি রিভলভার ও মাদক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে বিদেশি রিভলভার, বিপুল পরিমাণ গোলাবারুদ, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাবরুল ইউনিয়নের বাগিনাপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি টহল দল। ক্যাপ্টেন সাদীফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় শীর্ষ অপরাধী আতিকুর রহমান (৩০)কে।
অভিযানকালে আটক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ বুলডগ রিভলভার, চার রাউন্ড রিভলভার গুলি, একটি ৯ এমএম পিস্তলের ম্যাগাজিন, ১১ রাউন্ড শটগানের গুলি, নয়টি স্থানীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র, দুটি পাসপোর্ট এবং ইয়াবাসহ মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আতিকুর রহমান একজন তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নৈরাজ্য সৃষ্টি, মাদক ও অস্ত্র কারবারসহ একাধিক মামলাসহ পাঁচটির বেশি পুলিশি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আতিক হাসান ওই এলাকার বাসিন্দা এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক ও আলোচিত সন্ত্রাসী নুরুজ্জামান নুরুর বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় সহিংসতা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বাগিনাপাড়া গ্রামে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক হাসান বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত ধাওয়া দিয়ে তাকে আটক করে।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সব আলামত আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সেনানিবাসের ৪০ বীর- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমাল বলেন, “নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করতেই নুরু বাহিনীর সদস্যরা এসব অস্ত্র মজুত করেছিল। আমাদের অভিযানে বড় ধরনের নাশকতার আশঙ্কা প্রতিহত করা সম্ভব হয়েছে।”
এই অভিযানের মাধ্যমে শাজাহানপুর এলাকায় সন্ত্রাসী তৎপরতার একটি বড় নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর কঠোর নজরদারির স্পষ্ট বার্তাও দিয়েছে এই অভিযান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।