ভারতে হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানা চালু ফরাসি এয়ারবাসের
![]()
নিউজ ডেস্ক
ভারতের টাটা গ্রুপ এবং ইউরোপীয় বিমান চলাচল খাতের জায়ান্ট এয়ারবাস মঙ্গলবার একটি হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন (কারখানা) উদ্বোধন করেছে, যা নিউদিল্লির ফ্ল্যাগশিপ ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো ভার্চুয়ালভাবে উদ্বোধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের ক্যাথরিন ভোত্রাঁ।
দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের ভেমাগালে অবস্থিত নতুন অ্যাসেম্বলি লাইনটি এপ্রিল মাসে কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বেঙ্গালুরুতে এয়ারবাসের প্রকৌশল ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান জোসেলিন গৌদিন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক।’
দশকের পর দশক ধরে এয়ারবাসের হেলিকপ্টার ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার মধ্যে রয়েছে অ্যারোস্পাসিয়াল অ্যালুয়েট-২, ইউরোকপ্টার এএস৩৫০ একুরেয়েল এবং উচ্চ উচ্চতায় ব্যবহৃত লামা।
মঙ্গলবার নির্মাতার সর্বাধিক বিক্রিত এক-ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার এইচ১২৫-এর জন্য নিবেদিত কারখানার উদ্বোধনের মধ্য দিয়ে সেই দীর্ঘ উপস্থিতির নতুন অধ্যায় শুরু হলো।
জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত জানায়, দুই দশকের আলোচনার পর তারা একটি ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যা দুই বিলিয়ন মানুষের বাজার সৃষ্টি করবে।
মোদি যে চুক্তিকে ‘সব চুক্তির জননী’ বলে অভিহিত করেছেন, তার অধীনে ভারত বিমান খাতে শুল্ক প্রত্যাহার করবে—যা এয়ারবাসের জন্য সম্ভাব্য বড় সুবিধা—এছাড়া অধিকাংশ যন্ত্রপাতির ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনবে।
ভারতে এয়ারবাস হেলিকপ্টারের উপস্থিতি ১৯৬২ সালে শুরু হয়, যখন প্রতিষ্ঠানটি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল)-এর সঙ্গে প্রথম লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করে।
এর ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার উৎপাদনের সুযোগ পায়, যা ভারতে ‘চেতক’ নামে পরিচিত।
২০২৪ সালের অক্টোবর মাসে টাটা ও এয়ারবাস গুজরাটের ভাদোদরা শহরে একটি সামরিক বিমান কারখানা উদ্বোধন করে, যেখানে মালবাহী ও সেনা পরিবহনকারী সি২৯৫ বিমান উৎপাদন করা হবে।
সেই উদ্বোধন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভারত সফরের সময় অনুষ্ঠিত হয়। তিনি এ সপ্তাহে আবার ভারত সফরে আসছেন এবং নয়াদিল্লিতে মোদির আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।