মিয়ানমারকে আবারও আসিয়ানে ফেরাতে ‘সেতু’ হতে চায় থাইল্যান্ড

মিয়ানমারকে আবারও আসিয়ানে ফেরাতে ‘সেতু’ হতে চায় থাইল্যান্ড

মিয়ানমারকে আবারও আসিয়ানে ফেরাতে ‘সেতু’ হতে চায় থাইল্যান্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও প্রায় পাঁচ বছর পর মিয়ানমারকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (এএসইএএন)-এ পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনতে সহায়তার আশাবাদ ব্যক্ত করেছেন।

দক্ষিণ থাইল্যান্ডের ফুকেটে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ের সঙ্গে বৈঠকের পর এক বক্তব্যে সিহাসাক বলেন, “থাইল্যান্ড মিয়ানমারকে আসিয়ানে ফিরিয়ে আনার জন্য একটি সেতু হতে চায়।”

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকার উৎখাতের পর দেশটিতে ব্যাপক সংঘাত ও দমন-পীড়ন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আসিয়ান জান্তা সরকারের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন থেকে বাদ দেয়। তখন থেকেই জোটে মিয়ানমারের অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে।

১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সিহাসাক যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারকে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আসিয়ানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুসরণের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়া সফল করতে হলে মিয়ানমারের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আসিয়ানের উদ্বেগের বিষয়ে সাড়া দিতে মিয়ানমারকে পদক্ষেপ নিতে হবে—যেমন একটি সংলাপ প্রক্রিয়া শুরু করা, সহিংসতা কমানো এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা এড়িয়ে চলা।”

তিনি আরও জানান, পুরো প্রক্রিয়াজুড়ে থাইল্যান্ড অগ্রণী ভূমিকা পালন করবে।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠক শেষে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

আন্তর্জাতিক মহলে থাইল্যান্ডের এ উদ্যোগ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, মিয়ানমারকে আলোচনার টেবিলে ফেরানো শুধু কূটনৈতিকভাবে নয়, আঞ্চলিক মানবিক ও নিরাপত্তা সংকট মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

পর্যবেক্ষকদের আশা, থাইল্যান্ড ‘সেতু’ হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারলে মিয়ানমারে সহিংসতা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় একটি বাস্তব সংলাপ প্রক্রিয়া শিগগিরই শুরু হতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।