নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির তিন সদস্য আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তাইতংপাড়া এলাকার থুইনুমং মারমার ছেলে উয়ইমং মারমা (২৫), বান্দরবান জেলার রুমা উপজেলার টপাগই পাড়া এলাকার মংক্যাচিং মারমার ছেলে গরাইমং মারমা (৩০) এবং একই উপজেলার সোনাইছড়ি নয়া পাড়া এলাকার মেউ মারমার ছেলে হলাচিং থোয়াই মারমা (২৪)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত টহলরত সদস্যরা আমতলী সীমান্ত দিয়ে তিনজনকে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দিয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, আটক তিনজন প্রায় এক বছর আগে মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে গিয়ে আরাকান আর্মির প্রশিক্ষণ নেয়। তাদের চলাফেরার ওপর আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল। দেশে ফেরার পথে সীমান্তে তাদের আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার রয়েছে এবং আটক ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
সীমান্তবর্তী এ এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।