টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ আবুল মঞ্জুর (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর আওতাধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে টেকনাফের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়মিত তল্লাশির জন্য থামান চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা। এ সময় চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে বিশেষ তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। এসব বোতলে মোট ৭২ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। পরে মাদক পরিবহনের অভিযোগে চালককে আটক এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
আটক আবুল মঞ্জুর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা ৭২ লিটার মাদকদ্রব্য এবং জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।