মিয়ানমারের জান্তাকে ‘বিচ্ছিন্ন’ করে ফেলার সুপারিশ ৪ মার্কিন কংগ্রেস সদস্যের
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন মার্কিন কংগ্রেসের চার সদস্য।
চিঠিতে তারা নিজেদের বিভিন্ন সুপারিশও তুলে ধরেছে, যেখানে মিয়ানমারকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার কথাও বলা হয়েছে।
চিঠিতে সই করা চার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হলেন— ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরবিষয়ক উপকমিটির চেয়ারউইম্যান ইয়াং কিম, ‘র্যাঙ্কিং মেম্বার’ অ্যামি বেরা এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপকমিটির র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলাগার-ডোভ।
ট্রাম্প প্রশাসনকে দীর্ঘদিনের দ্বিদলীয় নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়ে চিঠিতে তারা লিখেছেন, “২০০৩ সালের ‘বার্মা ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’, ২০০৮ সালের ‘টম ল্যান্টোস ব্লক বার্মিজ জেড অ্যাক্ট’ এবং ২০২২ সালের বার্মা অ্যাক্টের মাধ্যমে কংগ্রেস ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বার্থ রক্ষায় কাজ করেছে।
“সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পরও মিয়ানমার সহিংসতায় জর্জরিত। এছাড়া এক দশক পার হলেও রোহিঙ্গা সংকটের উন্নতি হয়নি।”
২৫ মার্চ লেখা ওই চিঠিতে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন তারা। এর মধ্যে মিয়ানমারের জান্তাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
বার্মা নীতি সমন্বয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ; রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থীদের মানবিক সহায়তা বাড়ানো এবং এসব উদ্যোগ বাস্তবায়নে পর্যাপ্ত সম্পদ বরাদ্দের সুপারিশও করেছেন চার ডেমোক্র্যাট।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।